যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করবে জাপানি ফার্মাসিউটিক্যালস জায়ান্ট তাকেদা। একই সঙ্গে বন্ধ করে দিচ্ছে সান দিয়েগোয় অবস্থিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। খবর নিক্কেই এশিয়া।

সান দিয়েগো কর্তৃপক্ষের বায়োটেক স্টার্টআপের সুবিধা নিয়ে ২০১৯ সালে সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করে তাকেদা। আনুষ্ঠানিক নথি থেকে জানা গেছে, কেন্দ্রটি আগামী মাসের শেষ দিকে বন্ধ হবে। এখানকার তিন শতাধিক কর্মীর একটি অংশ ছাঁটাইয়ের অংশ হবেন, বাকিদের অন্যান্য কারখানায় স্থানান্তর করা হবে।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ম্যাসাচুসেটসের কেমব্রিজ ও লেক্সিনটন থেকে ৬৪১ কর্মীকে ছাঁটাই করা হবে। এছাড়া একই অঙ্গরাজ্য থেকে আরো ২২০ কর্মীকে বাদ দেয়া হবে। 

সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্থর গতি দেখছে তাকেদা ফার্মাসিউটিক্যালস, মুনাফাও নেমেছে সংকীর্ণ স্তরে। এরপর কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে।

এর আগ মে মাসে ১৪ হাজার কোটি ইয়েন বা ৯৪ কোটি ৯০ কোটি ডলার সংস্কার বাবদ বিনিয়োগের তথ্য দিয়েছিল তাকেদা। শুক্রবার জানিয়েছে, পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জাপানে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয়া হবে। এ বিষয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। একই সঙ্গে পণ্য বিকাশকে অগ্রাধিকারে রাখা হয়েছে বলেও জানিয়েছে তাকেদা।