চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দুবাইয়ের আবাসন খাত ৪ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। চাহিদা বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে টানা দশম মাসের মতো অক্ষুণ্ন রয়েছে সম্প্রসারণ। গড়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাপার্টমেন্টের মূল্য ২০২০ সালের জানুয়ারির পর ২১ শতাংশ বেড়েছে। বিপরীতে ভিলার মূল্য একই সময়ে ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি বর্গফুট ১ হাজার ৫২০ ডলার। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের পাম জুমেইরাহ দ্বীপে আবাসন খাতের প্রতি চাহিদা ছিল শীর্ষে। সেখানে দ্বিতীয় প্রান্তিকে ভিলার মূল্য বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। ২০২০ সালের জানুয়ারির পর থেকে ১২৫ শতাংশ বেড়েছে মূল্য। আবাসন খাতের পরামর্শ সংস্থা নাইট ফ্রাংকের গবেষণা প্রধান ফয়সাল দুররানি দাবি করেছেন, ‘‌দুবাইয়ে দীর্ঘমেয়াদে বাড়ি ভাড়া কমার তেমন কোনো লক্ষণ নেই। চাহিদাসূচক এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী।’ দ্য ন্যাশনাল