চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) চীনের নিজস্ব কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে প্রবৃদ্ধি বজায় ছিল। এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে চীনের কূপগুলো থেকে সব মিলিয়ে ১৮ কোটি টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।

একই সময়ে চীনের পরিশোধন কেন্দ্রগুলোয় সব মিলিয়ে ৬১ কোটি টন জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির পরিশোধন বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ নভেম্বরে চীনের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। শুধু ২০১৯ সালের একই সময়ের তুলনায় নয়, বরং গত অক্টোবরের তুলনায় নভেম্বরে চীনে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত নভেম্বরে চীনে সব মিলিয়ে ৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি বছরের নভেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কম।