বাংলাদেশে নগর জনস্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি-লেড রেসপনসিভ অ্যান্ড ইফেক্টিভ আরবান হেলথ সিস্টেম’ ( কোরাস ) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী, গবেষক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক রুমানা হক বলেন, নগর স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার কোনো একক সমাধান নেই। সুশাসন, অর্থায়ন, সেবা প্রদান পদ্ধতি, দক্ষ জনবল ও তথ্য ব্যবস্থার সমন্বিত উন্নয়ন জরুরি, যেখানে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দ্রুত নগরায়ন ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ শুধু বাংলাদেশের নয়; কোরাসভুক্ত অন্যান্য দেশ—নেপাল, ঘানা ও নাইজেরিয়াতেও একই চিত্র দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাবের বিষয়টি উল্লেখ করে তিনি সতর্ক করেন, সেবা প্রদানে সমন্বয়ের ঘাটতি থাকলে অর্জিত অগ্রগতি দ্রুত বাধাগ্রস্ত হতে পারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের নীতিমালা ও ইস্তেহার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। তিনি সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা এবং স্বচ্ছতা নিশ্চিতে আধুনিক আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ব্রিটিশ হাইকমিশন ঢাকার স্বাস্থ্য উপদেষ্টা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, গবেষণার ফলাফলকে কার্যকর নীতিমালায় রূপান্তর করতে হবে, বিশেষ করে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে।

পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় নগর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। আলোচনায় অংশ নেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

উল্লেখ্য, ‘কোরাস’ একটি বহুজাতিক গবেষণা উদ্যোগ, যা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অসংক্রামক রোগ মোকাবিলায় কাজ করে। বাংলাদেশে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ তথ্য ও সুপারিশ প্রদান করেছে। গবেষণালব্ধ জ্ঞান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।- বিজ্ঞপ্তি