শিগগিরই গাড়ি বিক্রিতে ফিরছে না জাপানের দাইহাটসু মোটর করপোরেশন। ২০২৩ সালে ভুয়া নিরাপত্তা তথ্য প্রকাশের দায়ে অভিযুক্ত হয় টয়োটার সহযোগী প্রতিষ্ঠানটি। এরপর জাপান সরকার কোম্পানিরা পুরো লাইনআপ বন্ধের নির্দেশ দেয়। খবর এপি।

তদন্তে দেখা যায়, কয়েক দশক ধরে দাইহাটসু বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষাগুলো এড়িয়ে গেছে। শুধু গাড়ির একপাশের পরীক্ষা করে অন্যপাশেও একই তথ্য ব্যবহার করেছে। এছাড়া এয়ারব্যাগের পরীক্ষায় নির্দিষ্ট টাইমারও ব্যবহার করেছে।

তবে এসব কারণে বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দাইহাটসুর পাশাপাশি প্রতিষ্ঠানটির করপোরেট প্যারেন্ট টয়োটার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। জাপানি নিয়ন্ত্রকরা আরো পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি কোম্পানির পাঁচটি নতুন মডেল অনুমোদন করেছে। কিন্তু আপাতত সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

 দাইহাটসুর করপোরেট ম্যানেজার কেইটা আইড ২২ জানুয়ারি বলেন, ‘নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি। আমাদের বিশ্বাসঘাতক মনে করছেন তারা।’

ভবিষ্যতে প্রতারণা ঠেকাতে কোম্পানিটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

তৃতীয় পক্ষের বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত একটি তদন্তে নিরাপত্তার বিষয়গুলো উঠে আসে। টয়োটার নেমপ্লেটের অধীনে বিক্রি হওয়া গাড়িসহ আরো অনেক মডেলকে প্রভাবিত করে এমন জাল পরীক্ষার ১৭৪টি ঘটনা খুঁজে পান বিশেষজ্ঞরা। ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ধরনের প্রতারণা করে আসছিল। গত বছরের এপ্রিলে এসব ঘটনা সামনে আসে। দাইহাটসু ক্ষমা চেয়ে করপোরেট সংস্কৃতি সংস্কারের ব্যাপারে আশ্বাস দেয় ওই সময়।