বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের ক্রিসেন্ট হাই-টেক কোম্পানি লিমিটেড একটি কার্যকর ওষুধ উপকরণ বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এখানে ৭৬ লাখ ডলার বিনিয়োগ করবে। এ লক্ষ্যে বেপজার সঙ্গে গতকাল ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জি ওয়েইমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।