ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) প্রকল্পের অংশ হিসাবে সলিড ডাইং ইউনিটের উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এ ইউনিট থেকে প্রতি মাসে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা হবে ১৬ লাখ ৫০ হাজার ইয়ার্ড। যেখান থেকে কোম্পানিটির মাসিক আয় ২৫ লাখ টাকা বাড়ানো সম্ভব হবে। সলিড ডাইং ইউনিটটির সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর পর এর উত্পাদন ক্ষমতা ২২ লাখ ৫০ হাজার ইয়ার্ডে উন্নীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯১ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৪ টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৭ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ১০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৯৮ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২টি। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ৮ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ১০ শতাংশ বিদেশী ও বাকি ২৬ দশমিক ১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে আজ শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮০ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮০ টাকা ২০ পয়সা ৮৩ টাকা।