দেশের পোশাক কারখানায় আন্দোলন-সংগ্রাম ও অস্থিরতা চলতে থাকলে এ শিল্পের বিদেশী ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৫তম আসরের গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। 

ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে পোশাকের চাহিদা কম। আমাদের প্রতিযোগী দেশগুলোয় ক্রেতাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে। দেশের পোশাক কারখানায় অস্থিরতা দেখলে তারা সেসব দেশে চলে যাবেন। ফলে আমরা ক্রেতা হারাব। 

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘এখন চাহিদা কমের সময়। সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, কমেছে চাহিদাও। এখন ক্রয়াদেশও কমে গেছে। এ সময়গুলোয় বায়ারদের অনেক সুযোগ থাকে। তারা যদি কারখানাগুলোয় কোনো সমস্যা দেখে, রাজনৈতিক অস্থিরতা দেখে; তারা অন্যদিকে চলে যাবে। আমরা সেটা চাই না। আমরা অনেক কষ্টে বায়ারদের ধরে রেখেছি।’

তিনি আরো বলেন,”‘বাংলাদেশে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড সনদপ্রাপ্ত ২০৩টি সবুজ পোশাক কারখানা রয়েছে। বিশ্বের সর্বোচ্চসংখ্যক সবুজ কারখানার উপস্থিতি সাসটেইনেবিলিটির প্রতি বাংলাদেশের পোশাক শিল্পের দূঢ় প্রতিশ্রুতি প্রমাণ করে।’

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক। কিন্তু ডেনিম রফতানিতে আমরা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানে। এমনকি আমাদের অবস্থান চীনের চেয়েও ওপরে। ডেনিম রফতানিতে বাংলাদেশের এ সাফল্যের পেছনে বাংলাদেশ ডেনিম এক্সপোর বিশাল অবদান রয়েছে। আমাদের এখানে ১০১টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এসব অঞ্চলে নতুন বিনিয়োগকারীদের আমরা আমন্ত্রণ জানাতে চাই। আমাদের শ্রমশক্তি এ উৎপাদন খাতের সম্পদ।’ 

তিনি বলেন, ‘চলমান মূল্যস্ফীতির সঙ্গে শ্রমিকদের মজুরি সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। মালিকপক্ষের কষ্ট হলেও তারা সেটি মেনে নিয়েছেন। যদিও কেউ কেউ ঝামেলা করার চেষ্টা করছে। শ্রমিকদের এবার একটা সাশ্রয়ী কার্ড দেয়া হবে। এর মাধ্যমে তারা সাশ্রয়ী মূল্যে খাদ্য পাবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি, এইচঅ্যান্ডএম বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন।

বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৫তম আয়োজনে ১২টি দেশের মোট ৮০ জন প্রদর্শক অংশ নিচ্ছেন। এ প্রদর্শনীতে অংশ নিতে দেশ-বিদেশের প্রায় পাঁচ হাজার দর্শনার্থী নিবন্ধন করেছেন। ডেনিম এক্সপোর এবারের আসরে মোট চারটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে।