বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জিডিপিতে ক্ষুদ্র
ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান প্রায় ৩০ শতাংশ, যদিও তারা নানামুখী প্রতিবন্ধকতার
সম্মুখীন হচ্ছে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রফতানি সম্ভাবনা বৃদ্ধিতে উদ্যোগী হতে
হবে।
শনিবার (৭ অক্টেবর) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত
এসএমইদের রফতানির সক্ষমতা বৃদ্ধি এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা
শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ
সারা বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং তিনি এসএমই শিল্পের উন্নয়নে
নিরলস কাজ করছেন।
স্পিকার বলেন, এসএমইদের জামানতবিহীন ঋণ সহায়তার লক্ষ্যে সরকার বেশকিছু উদ্যোগ
গ্রহণ করেছে। তবে এ বিষয়ক তথ্যাদির যথাযথ প্রচার প্রচারণার অভাবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া
যাচ্ছে না। ই-কমার্স এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে পণ্য বেচা-কেনায়
সুবিধা নিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বাড়ানোর
উপর জোরারোপ করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা নিরসনে নীতিনির্ধারকদের
নীতি সহায়তা বাড়ানো এবং রফতানি সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস, বাংলাদেশে
নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান, গবেষণা সংস্থা সানেমের নির্বাহী
পরিচালক ড. সেলিম রায়হান, তরঙ্গর প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনূর ইয়াসমিন, পিপলস
লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক রেজবিন বেগম, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ
লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম আসিফ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
(এসএমই-এসপিডি) ড. মো. কবির আহমেদসহ অনেকে।










