ব্যবসায় হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘হয়রানি ছাড়া ব্যবসা করার সুযোগ চাই। হয়রানি বন্ধ হলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট দেবেন।’ আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে গতকাল জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট দেয়ার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছে ৯ প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাটনীতির সদস্য জাকিয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন কর ও ভ্যাটনীতির সাবেক ও বর্তমান সদস্যরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সমস্যায় অনেক সংগ্রামের মধ্যেও ব্যবসায়ীরা ব্যবসা করছেন। ব্যবসায়ীরা রাজস্ব দিতে চান। কিন্তু হয়রানির সম্মুখীন হলে তারা ট্যাক্স ও ভ্যাট দেয়া থেকে সরে আসেন। কাস্টমস ও ভ্যাটে অটোমেশনের কোনো বিকল্প নেই। রাজস্ব আদায় বাড়াতে উপজেলা পর্যায়েও কর কার্যালয় নিতে হবে।’ এছাড়া সেক্টর বা ক্লাস্টারভিত্তিক ইএফডি মেশিন বসানোর ওপরও জোর দেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আমাদের মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমানোর কথা বলে। এটার সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া রাজনৈতিক একটি বিষয় আছে। বৈশ্বিকভাবে আমাদের শিল্পকে প্রতিযোগিতাপূর্ণ করতে কর অব্যাহতির কথাও বলি আমরা। আমরা বাণিজ্যে বিকাশ চাই।’
ভ্যাটনীতির সদস্য জাকিয়া সুলতানা মূল প্রবন্ধ উপস্থাপনে বলেন, ‘বিভিন্ন খাতে কর অব্যাহতি না থাকলে কর-জিডিপির অনুপাত আরো বেশি হতো। বর্তমানে প্রায় ৬০০টি পণ্যে ও সাতটি মৌলিক সেবা খাতে তফসিলের মাধ্যমে মূসক অব্যাহতি দেয়া হয়েছে।’ এছাড়া আরো অনেক খাতে বিভিন্নভাবে মূসক অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি। ধারাবাহিকভাবে কর অব্যাহতি, প্রত্যাহার, করের আওতা বৃদ্ধি ও প্রকৃত কর আদায় নিশ্চিতের বিষয়ে এনবিআরের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন তিনি।
পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্যবসায় শ্রেণীতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন লিমিটেড। আর সেবা শ্রেণীতে তিন সেরা ভ্যাটদাতা হলো বিকাশ লিমিটেড, তেজগাঁওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও অন্য অতিথিরা সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুন আল রশীদ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাকিবুল হক, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান ও হ্যামকো করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহমেদ তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।
কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন), ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান, নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমাদানের মতো বৈশিষ্ট্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেয়ার জন্য বিবেচনা করা হয়।
এদিকে ২০২০-২১ অর্থবছরে নিজ নিজ খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয়া চট্টগ্রাম বিভাগের জেলাভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে স্মারক ও সনদ তুলে দেন এনবিআরের সদস্য ড. এসএম হুমায়ুন কবীর। ভোক্তাদের দেয়া পরোক্ষ কর যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতেই এ সম্মাননা দেয়া হয়।
চট্টগ্রামে উৎপাদন খাতে দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বিডি) লিমিটেড, ব্যবসা খাতে এসকরপ অ্যাপারেলস লিমিটেড, সেবা খাতে সেনা হোটেল, কক্সবাজারে সেবা খাতে সায়মন বিচ রিসোর্ট লিমিটেড ও বান্দরবান জেলায় সেবা খাতে ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউজ সম্মাননা পেয়েছে।









