করপোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে আইসিএসবি আয়োজিত জাতীয় পুরস্কারে জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রতি বছর স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয়।

গত ১৫ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে করপোরেট গভর্ন্যান্সে মানদণ্ড রক্ষার স্বীকৃতি হিসেবে ব্যাংকটিকে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার হাতে গোল্ড অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো ছিলেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসাইন সাদাত।

প্রতি বছর করপোরেট গভর্ন্যান্সে সর্বোচ্চ মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয় আইসিএসবি। আয়োজকরা জানিয়েছে, ব্র্যাক ব্যাংক দেশের স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে বাজারমূলধনের দিক থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। পাশাপাশি ব্যাংকটি আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে এবং সর্বোচ্চ ঋণমান পেয়েছে।

এছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং টেকসই উন্নয়নে কাজ করছে বলে জানানো হয়।

এ স্বীকৃতি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান জানান, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সুশাসন, শুদ্ধাচার ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। এ সম্মাননা সেই অবস্থানকে আরো শক্ত করেছে। তিনি বলেন, একটি শক্তিশালী ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে ভবিষ্যতেও করপোরেট গভর্ন্যান্সের মান বজায় রেখে কাজ করবে ব্র্যাক ব্যাংক।

—বিজ্ঞপ্তি