আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম দীর্ঘদিন ধরে নিম্নমুখী ছিল। অন্যদিকে ভোজ্যতেলটির শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়ায় উৎপাদন প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। এ অবস্থায় ব্যবহার বাড়াতে পরিবহন খাতে পাম অয়েল থেকে উৎপাদিত বায়োডিজেল ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে  দেশটিতে ২০ শতাংশ পাম অয়েল থেকে উৎপাদিত বায়োডিজেল ব্যবহার বাধ্যতামূলক। আগামী বছর থেকে যা ৩০ শতাংশ করা হবে। আর এখন নতুন করে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে পরিবহন খাতে ব্যবহূত জ্বালানির ৪০ শতাংশ পাম অয়েল থেকে উৎপাদিত বায়োডিজেল ব্যবহার বাধ্যতামূলক বা বি-৪০ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। শুধু তা-ই নয়, পাম অয়েলের ব্যবহার বাড়াতে এটি থেকে জেট ফুয়েল তৈরির মতো উচ্চাভিলাষী পরিকল্পনাও করছে জাকার্তা।

ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন দেশটির সমুদ্র ও বিনিয়োগ-বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়কারী মন্ত্রী লুহুত পান্ডজায়তান। তিনি জানান, বি-৪০ প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী বছর থেকে সরকার সড়কে পরীক্ষা শুরু করবে।

ইন্দোনেশিয়ার বায়োডিজেল খাতে পাম অয়েলের ব্যবহার বৃদ্ধি জ্বালানি বাণিজ্যের ঘাটতি কমিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। কারণ দেশটিতে ব্যবহূত জ্বালানির বড় অংশই আমদানি করতে হয় জাকার্তার। যে কারণে দেশটির অন্যতম রফতানি পণ্য পাম অয়েলকে বায়োডিজেল খাতে ব্যবহার করার ফলে এ খাতও শক্ত অবস্থানে থাকবে বলে বিশ্বাস উইডোডোর।

পাম অয়েলের ব্যবহার বাড়ানোর এ লক্ষ্যে প্রেসিডেন্ট উইডোডো এরই মধ্যে এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। এমনকি উড়োজাহাজে ব্যবহারের জেট ফুয়েলে পাম অয়েলের মিশ্রণ করার জন্য প্রয়োজনীয় গবেষণার নির্দেশ দিয়েছেন উইডোডো।

লুহুত পান্ডজায়তান জানান, বায়োডিজেল খাতে ৫০ শতাংশের বেশি পাম অয়েল সরবরাহ করা সম্ভব হবে না। যে কারণে বি-৫০ প্রকল্প পর্যন্ত গিয়ে হয়তো থামতে হবে। কারণ এ সময় যদি পাম অয়েলের উৎপাদন ও নতুন করে আবাদ বৃদ্ধি না পায়, তাহলে বায়োডিজেলে ৫০ শতাংশের বেশি পাম অয়েল ব্যবহার সম্ভব হবে না।

এদিকে আগামী বছর থেকে বায়োডিজেল উৎপাদনে পাম অয়েলের ব্যবহার বাড়াতে ইন্দোনেশিয়া সরকারের নেয়া এ উদ্যোগ এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। সরবরাহ সংকটের আশঙ্কায় এরই মধ্যে পাম অয়েলের দাম বাড়তে শুরু করেছে।

তবে শুধু ইন্দোনেশিয়া নয়, পাম অয়েলের ব্যবহার বাড়াতে বায়োডিজেলের বাধ্যতামূলক ব্যবহার প্রকল্প বাড়াতে যাচ্ছে দ্বিতীয় শীর্ষ উৎপাদক দেশ মালয়েশিয়াও। আগামী বছর থেকে পরিবহন জ্বালানিতে ২০ শতাংশ পাম অয়েল থেকে উৎপাদিত বায়োডিজেল ব্যবহার বাধ্যতামূলক করবে দেশটি; যা বর্তমানে রয়েছে ১০ শতাংশ। সূত্র: রয়টার্স