আগামী বছরের জানুয়ারির জন্য অপরিশোধিত পাম অয়েল রফতানিতে শুল্ক বাড়িয়েছে মালয়েশিয়া। গত দেড় বছরের মধ্যে পণ্যটি রফতানিতে এই প্রথম শুল্ক বাড়াল দেশটি। মালয়েশিয়ান পাম অয়েলে বোর্ডের ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদন ও রফতানিকারক দেশ। সর্বশেষ ২০১৮ সালের আগস্টে পণ্যটির রফতানি শুল্ক শূন্যে নামিয়ে আনার আগে দেশটি এ খাতে সাড়ে ৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল। রফতানি বাড়াতে ও নতুন বাজার ধরতে গত বছরের মে মাস থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত পাম অয়েল রফতানিতে শুল্কহার শূন্যে নামিয়ে আনে দেশটির সরকার।
সম্প্রতি সরবরাহ সংকটে চাঙ্গা হয়েছে পাম অয়েলের বাজার। বুরসা মালয়েশিয়ান ডেরিভেটিভস এক্সচেঞ্জে বৃহস্পতিবার কার্যদিবসে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৭ রিঙ্গিত বা ৬৯২ ডলার ৩৩ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৯ রিঙ্গিত বা দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া উৎপাদন হ্রাস ও চাহিদা বৃদ্ধির জেরে আগামী বছরে পণ্যটির দাম আরো বাড়বে বলে পূর্বাভাস করছেন বিশ্লেষকরা। মালয়েশিয়া পাম অয়েলের হিসাব অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে প্রতি টন পাম অয়েলের রেফারেন্স মূল্য ২ হাজার ৫৭১ দশমিক ১৬ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) বা ৬১৬ ডলার ৫৯ সেন্টে উন্নীত হতে পারে। দাম যথেষ্ট বৃদ্ধির কারণেই পণ্যটির রফতানি শুল্ক বাড়িয়েছে দেশটি।









