সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই দেশের সরকার। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সম্প্রতি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষর হয়। দ্বিপক্ষীয় এ চুক্তির ফলে ২০৩০ নাগাদ ভারত থেকে ইউএইর আমদানি দাঁড়াবে প্রায় দেড় হাজার কোটি ডলার। খবর আরাবিয়ান নিউজ।
সম্প্রতি আবুধাবি ডিপার্টমেন্ট অব ইকোনমিক ডেভেলপমেন্টের (এডিডিইডি) চেয়ারম্যান মোহাম্মাদ আলি আল শরাফা বলেন, আবুধাবি ও ইউএইর অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার ভারত। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিইপিএ চুক্তিটিতে ১১টি পরিষেবা খাত ও ১১০টিরও বেশি উপপরিষেবা খাতের কথা উল্লেখ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ভারত থেকে ইউএইর আমদানি দাঁড়াবে ১ হাজার ৪৩০ কোটি ডলার।
এদিকে সম্প্রতি স্বাক্ষরিত সিইপিএ চুক্তি দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মাদ আলি আল শরাফা বলেন, আবুধাবিতে বিনিয়োগকারীদের লাভ ও উন্নত পরিকল্পনার জন্য আমরা সহায়ক ব্যবসা পরিবেশ গড়ে তুলেছি। এছাড়া এখানে আধুনিক অবকাঠামো, সংযোগ ও উদ্যোক্তা মনোভাবের চর্চাকে প্রশ্রয় দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ব্যবসায়িক গন্তব্য ইউএই। সম্প্রতি বাণিজ্য বাড়াতে ও ব্যবসা সহজ করে দিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে ব্যয় প্রশমন, প্রক্রিয়া সহজীকরণ ও সরকারি পরিষেবার সমন্বয়সাধন।










