সম্প্রতি ভারতে গ্রেফতার হওয়া আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের অস্থাবর সম্পদ কোম্পানির শেয়ারগুলো জব্দ করতে সিডিবিএলকে নির্দেশ দিয়েছে বিএসইসি। আদালতের নির্দেশনা অনুযায়ী সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী বরাবর গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

বিএসইসির এসআরএমআইসি বিভাগের সহকারী পরিচালক মো. মুসাভভির আল আশিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা কর্তৃক মেট্রো বিশেষ মামলা নং-৪২/২০২২, দুর্নীতি দমন কমিশন জি আর নং-২৭/২০২২ এবং দুদক, সজেকা, ঢাকা-১-এর মামলা নং-০৫(০২)২০২২ সংক্রান্ত গত ১৩ এপ্রিলে প্রদত্ত মামলার রায়ে আদালত আসামি পিকে হালদারের তফসিলে বর্ণিত অস্থাবর সম্পদগুলো জব্দ করার আদেশ দিয়েছেন। সেই আদেশের তফসিল অনুযায়ী আসামি পিকে হালদারের অস্থাবর সম্পদ কোম্পানির শেয়ারগুলো জব্দ করার জন্য সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত বছরের ২০ জানুয়ারি শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পিকে হালদারসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। এর মধ্যে জেমস মার্টিন দাসকে ২ লাখ টাকা, পরিমল চন্দ্র পালকে ২০ লাখ, রিপন শেখকে ২০ লাখ, মল্লিক আবু বক্করকে ১০ লাখ, মো. তোফাজ্জল হোসেনকে ৪০ লাখ, বিধান মিস্ত্রিকে ৫ লাখ, অমল কৃষ্ণ দাসকে ৭ লাখ, সালেক আহমেদ সিদ্দিকীকে ৭ লাখ, সমির রঞ্জন পালকে ২০ লাখ, শিউলি পালকে ৫০ লাখ, চিত্ত হারান দত্তকে ১২ লাখ, মো. আমানত উল্লাহকে ১ কোটি, সেতারা বেগমকে ৫ লাখ, প্রশান্ত কুমার হালদারকে ২৫ লাখ, সন্দ্বীপ করপোরেশনকে ৬০ লাখ ও হাল ইন্ডাস্ট্রিজকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়।