রাশিয়ার পারমাণবিক জ্বালানির ওপর মার্কিন নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আমদানি সীমিত করার আহ্বান জানিয়েছেন। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

পারমাণবিক জ্বালানির বৈশ্বিক চাহিদার ৫০ শতাংশ পূরণ করে রাশিয়া। বিশ্ববাজারে রাশিয়ার ইউরেনিয়ামের দাম তুলনামূলক কম। এ কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইন বছরের পর বছর ধরে রাশিয়ার দখলে রয়েছে।

গত বছর ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাস শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে মস্কো শতকোটি টাকা রাজস্ব হারিয়েছে। এখন ওয়াশিংটনের কর্মকর্তারা ভাবছেন, রাশিয়ার পারমাণবিক জ্বালানি ও যন্ত্র প্রস্তুতকারী রোসাটমকে থামাতে হবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মিলে রোসাটমের পারমাণবিক জ্বালানি ও যন্ত্র ক্রয় বন্ধ করতে চাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক জ্বালানিবিষয়ক সহকারী মন্ত্রী ক্যাথরিন হাফ বলেন, ‘‌যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যত জ্বালানি ব্যবহার করে, এর ২০ শতাংশ সরবরাহ করে রাশিয়া। এটা চরম উদ্বেগের বিষয়।’

তিনি আরো বলেন, ‘‌এটা সত্যি কঠিন যে নির্ভরতার জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, বিশেষ করে রাশিয়া থেকে। নিষেধাজ্ঞা ছাড়া রাশিয়া পারমাণবিক বাজার নিয়ন্ত্রণে রাখবে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে জলবায়ু ও আমাদের জ্বালানি স্বাধীনতা জড়িত।’