বিশ্বের বৃহত্তম ভাসমান উইন্ড ফার্ম উদ্বোধন করল নরওয়ের জ্বালানি তেল ও গ্যাসবিষয়ক প্রতিষ্ঠান ইকুইনর। উত্তর সাগরের উপকূল থেকে ১৪০ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে ১১টি উইন্ডমিল। উইন্ডমিলের টারবাইন ৮ দশমিক ৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। উৎপাদিত বিদ্যুৎ নরওয়ে ও শরিক দেশগুলোর চাহিদার ৩৫ শতাংশের জোগান দেবে। উইন্ড ফার্মটি কোম্পানিকে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে খরচ কমাতে সহযোগিতা করবে। খবর রয়টার্স।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, ‘নরওয়েসহ বিভিন্ন ইউরোপীয় দেশ এখন বিদ্যুৎ ঘাটতিতে ভুগছে। ইউক্রেনের যুদ্ধ এ পরিস্থিতির জন্য দায়ী। তাছাড়া আমরা মনে করি, কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার যে লক্ষ্য ইউরোপ নিয়েছে, সেটি অর্জন করতে হলে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
ভাসমান এ বায়ুবিদ্যুৎ প্রকল্পটির প্রধান মালিক নরওয়ের রাষ্ট্রায়ত্ত জ্বালানি উত্তোলন ও সরবরাহ কোম্পানি ইকুইনর অ্যান্ড পেটেরা। অন্য অংশীদাররা হলো অস্ট্রীয় কোম্পানি ওএমভি, ইতালীয় কোম্পানি এনি ডাব্বড ভার এনার্জি, জার্মান কোম্পানি উইন্টারশিল্ড ডিইএ ও জাপানি কোম্পানি ইনপেক্স।










