২০২৩-২৪ বিপণন মৌসুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ফ্রান্সের গম রফতানি পূর্বাভাস কমিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন ফ্রান্সএগ্রিমার। গত জুলাইয়ে দেয়া ৯৬ লাখ টন গম রফতানির পূর্বাভাস সংশোধন করে ৯৫ লাখে নামিয়েছে প্রতিষ্ঠানটি। গত বিপণন মৌসুমের তুলনায় রফতানি ৬ দশমিক ৪ শতাংশ কমতে পারে। খবর বিজনেস রেকর্ডার।

এদিকে ইইউর অভ্যন্তরেও রফতানি কমতে পারে। এসব দেশে রফতানির প্রাক্কলন জুলাইয়ের ৭৭ লাখ ৯০ হাজার টন থেকে কমিয়ে ৭৫ লাখ ৪০ হাজার টনে নামিয়েছে ফ্রান্সএগ্রিমার। যদিও এ পরিমাণ ২০২২-২৩ মৌসুমের চেয়ে ১৮ দশমিক ১ শতাংশ বেশি।

এছাড়া চলতি মৌসুমের সমাপনী মজুদের পূর্বাভাস ২৬ লাখ ৯০ হাজার টন থেকে বাড়িয়ে ২৯ লাখ ১০ হাজার টন ধরা হয়েছে। গত মৌসুমের তুলনায় মজুদ ১৪ দশমিক ৫ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ফ্রান্সে এখন ভুট্টা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ২০২৩-২৪ মৌসুমে খাদ্যশস্যটির সমাপনী মজুদ ১৬ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ফ্রান্সএগ্রিমার।