যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণ সংস্থা বোয়িং সাময়িকভাবে ৭৮৭ ড্রিমলাইনারের ডেলিভারি স্থগিত করেছে। গত বৃহস্পতিবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজের যন্ত্রাংশ ত্রুটিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সিএনবিসি।

এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, সম্প্রতি সার্টিফিকেশন রেকর্ড পর্যালোচনা করতে গিয়ে সরবরাহকারীরা ৭৮৭-এর বাল্কহেডে (জলরোধক বেষ্টনী) ত্রুটি পেয়েছে। প্রয়োজনীয় বিশ্লেষণ ও প্রমাণাদি নিয়ে কাজ চলছে। বিষয়টি এফএএকে অবহিত করা হয়েছে এবং ৭৮৭-এর ডেলিভারি বন্ধ রয়েছে। এদিকে এফএএকে সমস্যাটির সমাধান না দেখানো পর্যন্ত ডেলিভারিতে যেতে পারবে না বোয়িং। তবে কোম্পানির উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। এ পরিস্থিতিতে অতিরিক্ত কাজের আশা দেখা যাচ্ছে না। 

কোম্পানিটি জানিয়েছে, সচল ফ্লাইটগুলো নিয়ে উদ্বেগ থাকলেও তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরিকল্পনা নেই। এফএএর নির্দেশনা অনুসরণ করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংকট দেখা দিলেও এ বছর বোয়িংয়ের উৎপাদন ও ডেলিভারি নিয়ে আশাবাদী তারা।  

বোয়িংয়ের উড়োজাহাজ প্রায়ই দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে চলাচল করে। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে নামি উড়োজাহাজ সংস্থাটি। এবারই যে এটি প্রথম ডেলিভারি বন্ধ করল তা নয়। এর আগে নির্মাণ ত্রুটির কারণে ২০২০ সালে পাঁচ মাস ৭৮৭-এর ডেলিভারি করতে পারেনি বোয়িং। তার পরের বছর অর্থাৎ ২০২১ সালেও দ্বিতীয়বারের মতো এর বৃহদাকার উড়োজাহাজের ডেলিভারি বন্ধ করেছিল এফএএ।