সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের কাছ থেকে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিস্তি বা চাঁদা সংগ্রহ করতে পারবে।

স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজাম মুনিরা, শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ।

—বিজ্ঞপ্তি