মার্কিন মাংস ও প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী টাইসন ফুডস চীনে তার পোলট্রি ব্যবসা বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন তিন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোয় বহুজাতিক কোনো ফার্মের চীন থেকে বেরিয়ে যাওয়ার সর্বশেষ ঘটনা। খবর রয়টার্স।

বিক্রয় প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোম্পানিটি বিক্রয় পরামর্শক হিসেবে গোল্ডম্যান স্যাকসকে নিয়োগ করেছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রাইভেট ইকুইটি ফার্মসহ সম্ভাব্য ক্রেতাদের কাছে কোম্পানিটি বিক্রি করার জন্য প্রাথমিক তথ্য পাঠিয়েছে। টাইসন ফুডস চীনের পোলট্রি ব্যবসার জন্য কত দাম চাচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। তবে চীনে তাদের বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ১১০ কোটি ডলার।

কেন টাইসন তাদের পোলট্রি ব্যবসার পাততাড়ি গোটাচ্ছে সে ব্যাপারে তারা কিছু জানাতে পারেনি। স্প্রিংডেল আরকানসাসভিত্তিক টাইসন ফুডস বা গোল্ডম্যান স্যাকস কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। টাইসন ফুডসের চীনা সদর দপ্তর সাংহাইতে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। চলতি মাসেই টাইসন বলেছিল, তারা তাদের গোটা কার্যক্রম মূল্যায়ন করছে। ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত তিন-চতুর্থাংশ আয় ও মুনাফা তুলতে ব্যর্থ হওয়ার পর ব্যয় হ্রাস করার সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে চারটিরও বেশি মার্কিন চিকেন প্লান্ট বন্ধ করে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের মাংসের বাজার ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। গত দুই বছরে কভিড-১৯ মহামারী চলাকালীন দুর্বল চাহিদার কারণে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পশুখাদ্যের দাম বেড়ে গেছে ও গবাদিপশুর খামারের আয় কমে গেছে। ব্যাংকারদের মতে, চীনের মন্থর আর্থিক প্রবৃদ্ধি, স্থানীয় শক্ত প্রতিদ্বন্দ্বী ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের কারণে ব্যবসাকে লাভজনক ধারায় ফেরানো কঠিন হয়ে পড়েছে। ফলে গত কয়েক বছরে অনেক বহুজাতিক ফার্ম চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। 

ডিলজিক ডেটা বলছে, ২০২২ সালে চীন থেকে ১ হাজার ৩৫০ কোটি ডলার হারানোর পর চলতি বছর বিদেশী কোম্পানিগুলো সব সেক্টর থেকে ৮৪০ কোটি ডলার প্রত্যাহার করে নিয়েছে।