বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলটি চতুর্থবারের মতো আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট আয়োজন করতে যাচ্ছে। বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা আঞ্চলিক পর্ব আগামী ২০ ডিসেম্বর বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের আসরে সারা দেশ থেকে রেকর্ডসংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছেন।

এ উপলক্ষে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও ডিজিটাল মাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এ আয়োজনের সঙ্গে যুক্ত স্পন্সর ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রতিযোগিতাটির লক্ষ্য দেশের সেরা প্রোগ্রামারদের খুঁজে বের করা এবং তাদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করা।

তিনি আরো জানান, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৩১৩টি দলের ৯৩৯ জন প্রোগ্রামার অংশ নিচ্ছেন। এটি বাংলাদেশের আইসিপিসি আয়োজনের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শামসুল হুদা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইসিপিসি এশিয়া ঢাকা সাইট ২০২৫ এর আরসিডি এবং বিইউবিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান। আর টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরেন আইসিপিসি এশিয়া ঢাকা সাইট ২০২৫-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবুল লায়েস এম এস হক।

এ সময় মঞ্চে আরো ছিলেন আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের সাবেক বিচারক শাহরিয়ার মঞ্জুর এবং বিইউবিটির প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউবিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রোগ্রামিং ও তথ্যপ্রযুক্তিভিত্তিক এ আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ প্রোগ্রামারদের বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগ সফল করতে গণমাধ্যমের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

—বিজ্ঞপ্তি