বাজারে প্রভাব সৃষ্টি করতে ক্যাডিলাক ব্র্যান্ডের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে অটো জায়ান্ট জেনারেল মোটরস (জিএম)। বর্তমানে কোম্পানিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এসকেলাডে ভি-সিরিজের উৎপাদনে গুরুত্ব বাড়াচ্ছে। ২০২৫ মডেল বর্ষে এ সিরিজের স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) নতুন সংস্করণ আসতে চলেছে বাজারে। খবর সিএনবিসি।

নতুন এ সংস্করণে ক্যাডিলাকের পরিচিত ফিচারগুলোর সঙ্গে নতুন কিছু আকর্ষণ যোগ হচ্ছে। এর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার-অনলি স্ক্রিনসহ ড্যাশজুড়ে ৫৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া দ্বিতীয় সারির আসনের জন্য রয়েছে এক্সিকিউটিভ প্যাকেজ, পাওয়ার ডোরস, ২৪ ইঞ্চি দীর্ঘ হুইল ও অন্যান্য ফিচার।

এক বিবৃতিতে এসকেলাডের ভিন্নধর্মী প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে জিএম। ক্যাডিলাকের ভাইস প্রেসিডেন্ট জন রথের মতে, এসকেলাডে সবসময়ই আমেরিকান নৈপুণ্য, প্রযুক্তি ও সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২৫ বছর আগে বিলাসবহুল স্ট্যান্ডার্ড ফুল সাইজ এসইউভির জগতে অভিষেক হয় এসকেলাডের। সে ধারা এখনো অব্যাহত।

ক্যাডিলাক ও প্যারেন্ট প্রতিষ্ঠান জিএমের কাছে এসকেলাডের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এটি কোম্পানির বড় আকারে এসইউভি লাইনআপের জন্য প্রতিনিধিত্বমূলক ও উচ্চ মুনাফাধারী ব্র্যান্ড। এর মাধ্যমে কয়েক দশক ধরে মার্কিন বাজারে বড় আকারের এসইউভির নেতৃত্বে রয়েছে জিএম।

এমন এক সময়ে নতুন সংস্করণের ঘোষণা দিল জেনারেল মোটরস, যখন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও হাইব্রিড মডেলগুলো নিয়ে কোম্পানিগুলো সংকটময় সময় পার করছে। এতদিন ধরে ইভির চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি প্রত্যাশা করা হলেও তা কিছুটা স্তিমিত হয়ে এসেছে। এ কারণে হাইব্রিড ও ভবিষ্যৎ রূপান্তর মাথায় রেখে কাজ করছে কোম্পানিগুলো। তবে বিলাসী গাড়ির জগতে এখনো গ্যাসচালিত বাহন রাজত্ব করছে।

জানা গেছে, ২০২৫ মডেল বছরের জন্য এসকেলাডের নকশায় অনেক রদবদল আনা হয়েছে। এর মধ্যে রয়েছে স্লিকার ফ্রন্ট লাইটিং ও লার্জার ইন্টেরিয়র স্ক্রিন। মূলত বহুল প্রত্যাশিত অল-ইলেকট্রিক সংস্করণের সঙ্গে গ্যাসচালিত মডেলের মেলবন্ধন ঘটাতে এ পরিবর্তন। এছাড়া গ্যাসচালিত এসকেলাডে মডেলে থাকছে দুটি ৬ দশমিক ২ লিটার ভি-৮ ইঞ্জিন।

দুই বছর আগে বাজারে আসে এসকেলাডে ভি-সিরিজ। বর্তমান মডেল বর্ষে এর চাহিদা তেমন না বাড়লেও গ্রাহক বাড়াতে ২০২৫ সালে বেশকিছু উদ্যোগ নেবে ক্যাডিলাক। তবে কতগুলো গাড়ি বাজারে ছাড়বে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি।

ক্যাডিলাকের এক মুখপাত্র জানান, গ্রাহকের চাহিদা অনুসারে গাড়ির উচ্চ ক্ষমতা, বিলাসী লুক ও নৈপুণ্যের দিকে নজর রাখছে কোম্পানিটি। 

জিএম জানিয়েছে, ২০২৫ সালের মডেলে এসকেলাডের ভি-সিরিজের দাম খুব একটা বাড়ছে না। বর্তমানে প্রারম্ভিক ৮১ হাজার থেকে ১ লাখ ৫২ হাজার ডলারের বেশি দামে পাওয়া যায় ভি-সিরিজ। এছাড়া চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে অল-ইলেকট্রিক এসকেলাডে আইকিউ। এ মডেলের প্রারম্ভিক দাম হতে পারে ১ লাখ ৩০ হাজার ডলার।

জানা গেছে, এসকেলাডে নতুন এ সংস্করণের উৎপাদন হবে টেক্সাসের কারখানায়। সেখানে শেভ্রোলে ও জিএমসির মতো বড় আকারের এসইউভি উৎপাদন হয়।