প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল)। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় গতকাল এ আইপিও অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে আইসিআইসিএল। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। পুনর্মূল্যায়িত উদ্বৃত্তসহ এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায়, যা পুনর্মূল্যায়িত উদ্বৃত্ত ছাড়া দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়।