খেলাপি ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ঋণ আদায়, গ্রাহকসেবা ও আগামীতেই স্বাভাবিক লেনদেন শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ব্যাংকের প্রশাসকসহ শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আজ শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)।
প্রধান অতিথির বক্তব্যে মো. শওকাতুল আলম ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। তিনি খুব শীঘ্রই স্বাভাবিক লেনদেন শুরু হবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমানসহ সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা।
—বিজ্ঞপ্তি










