পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৬৮৯টি শেয়ার গতকাল লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫৬ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৬০ পয়সা বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ২৪ টাকা ১০ পয়সায় অবস্থান নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু-ওয়াং ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সা। 

এদিকে আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ মার্চ। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৮৫ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফু-ওয়াং ফুডস।