বাংলাদেশে ‘একাডেমি ফর উইমেন
এন্টারপ্রেনারস (এডব্লিউই)’ কার্যক্রমের দ্বিতীয় কোহর্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)
যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিভেন এফ. ইবেলি রাজধানীর ইএমকে
সেন্টারে এডব্লিউইর কার্যক্রমের দ্বিতীয় কোহর্ট উদ্বোধন করেছেন। এতে সহযোগিতা করে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
এডব্লিউই যুক্তরাষ্ট্রের
স্টেট ডিপার্টমেন্টের একটি বৈশ্বিক উদ্যোগ, যার মাধ্যমে উদ্যোগী নারীদের ব্যবসা শুরু
ও সফলভাবে সম্প্রসারণের জন্য অত্যাবশ্যকীয় জ্ঞান, পেশাদার নেটওয়ার্ক ও মৌলিক উপকরণ
সহায়তা দেয়া হয়।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস
উদ্যমী তরুণ নারী উদ্যোক্তাদের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) প্রসার ও
স্থানীয় নারী ব্যবসায়ী নেতরা বিশেষ করে অবহেলিত, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারী নেতাদের
ক্ষমতায়ন ও সহযোগিতার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এডব্লিউই বাণিজ্য বৃদ্ধির
মাধ্যমে উদ্যোক্তাকে সহযোগিতা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও সুপরিচিতি কার্যক্রম
যা বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রণীত ‘গ্লোবাল উইমেনস
ইকোনমিক সিকিউরিটি’ কৌশলের সঙ্গে সম্পূর্ণভাবে মিল রেখে বাস্তবায়ন করা হচ্ছে। যেন
এই কৌশলের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়। যেখানে এমন একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্য
রয়েছে, বৈচিত্র্যময় পটভূমি থেকে আসা নারীরা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে
পরিপূর্ণভাবে সম্পৃক্ত হয়ে অর্থপূর্ণ ও সমানভাবে অবদান রাখতে ও উপকৃত হতে পারে।
এডব্লিউই কার্যক্রমের দ্বিতীয়
কোহর্টে বাংলাদেশের তিনটি সুনির্দিষ্ট ভৌগোলিক এলাকা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট
থেকে মোট ৯০ জন অংশগ্রহণকারীকে ক্ষমতায়ন করা হবে। এ বছরের কার্যক্রমে অংশগ্রহণকারী
নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকা, আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের
অগ্রাধিকার দেয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে না পারা ২০ থেকে
৪৫ বছর বয়সী নারীদের যুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ
প্রোগ্রাম উদ্যোগের অংশ হিসেবে এডব্লিউই আমেরিকান শিক্ষা ও দক্ষতার সঙ্গে যুক্ত হওয়ার
পাশাপাশি নারী উদ্যোক্তাদের আমেরিকান ও বাংলাদেশী বাজারের সঙ্গে শক্তিশালী সম্পর্ক
গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।
এডব্লিউই কার্যক্রমটি যুক্তরাষ্ট্রের
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির থান্ডারবার্ড স্কুল অফ গ্লোবাল ম্যানেজমেন্ট (এএসইউ)
এবং বিনা-খরচে শেখার অনলাইন প্লাটফর্ম ড্রিমবিল্ডারের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রিপোর্ট-ম্যাকমোরান
ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। ড্রিমবিল্ডার অনলাইন প্লাটফর্মটি আমেরিকান
দৃষ্টিকোণ থেকে ব্যবসার মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করার পাশাপাশি অংশগ্রহণকারীদের
সামগ্রিক ব্যবসায়িক কৌশল ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
এডব্লিউই কার্যক্রমটি নারী
উদ্যোক্তাদের জন্য একটি তিনমাসের সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে
অংশগ্রহণকারীদের মৌলিক ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি ব্যবসাকে কীভাবে টেকসই
করতে হবে তার ওপর হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং ব্যবসা ও শিল্প
খাতের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
এডব্লিউই আয়োজিত প্রশিক্ষণ
কার্যক্রমে অংশগ্রহণকারীদের সতীর্থদের মাধ্যমে শেখার ওপর জোর দেয়ার পাশাপাশি নিজেদের
মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে পারে এবং স্থানীয় ব্যবসার
প্রসার ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার ওপর জোর দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের
এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরোর ২০২১ সালের এক মূল্যায়ন সমীক্ষা থেকে
জানা যায় যে, ৭৪ শতাংশ এডব্লিউই গ্রাজুয়েট আগের চেয়ে বেশি আয় করতে পেরেছেন এবং এই
কোর্স করার পর ২৯ শতাংশ গ্রাজুয়েট তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরো বেশি কর্মী/স্টাফ
নিয়োগ দিয়েছেন।









