ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এ মূলধন বাড়ানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ওইমেক্স ইলেকট্রোডের বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির এ মূলধন দাঁড়াবে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। কোম্পানিটির বিদ্যমান শেয়ারহোল্ডার জেও হোল্ডিংস লিমিটেড ৫৭ লাখ ৬০ হাজার, অপগেনহাফেন হোল্ডিংস লিমিটেড ১ লাখ ২০ হাজার ও এনজে হোল্ডিংস লিমিটেড ১ লাখ ২০ হাজার শেয়ার নগদ টাকায় কিনবে।

২০১৭ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৭০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৭৮১। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।