শিগগিরই টেসলাকে ব্যাটারি সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে বিওয়াইডি। গতকাল সকালে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ নির্বাহী রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে এ তথ্য জানান। খবর রয়টার্স।

বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিয়ান ইউবো বলেন, আমরা এখন ইলোন মাস্কের ভালো বন্ধু। আমরা শিগগিরই টেসলাকে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদিও বিষয়টি নিয়ে বিওয়াইডি ও টেসলা রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড বহরের নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। সংস্থাটি বর্তমানে টয়োটাসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে ইভি ব্যাটারি সরবরাহের জন্য কাজ করছে।

২০২০ সালে বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে ব্লেড ব্যাটারি চালু করেছে। এটি তুলনামূলক হালকা লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি। সংস্থাটির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু বলেছিলেন, এ ব্যাটারি বাজারের অন্য বিকল্পগুলোর তুলনায় অনেক বেশি নিরাপদ। এটিতে আগুন ধরবে না বলেও জানিয়েছিলেন তিনি।

চীনা ব্যাটারি জায়ান্ট সিএটিএল বর্তমানে টেসলার কাছে এলএফপি ব্যাটারির একমাত্র সরবরাহকারী। ২০২০ সাল থেকে সাংহাইয়ের কারখানায় তৈরি গাড়িতে এ ধরনের ব্যাটারি ব্যবহার করছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

টেসলা জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নির্মিত প্রায় অর্ধেক গাড়িতে এলএফপি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ব্যাটারি পশ্চিমা দেশগুলোয় বহুল ব্যবহূত নিকেল অ্যান্ড কোবাল্ট-ভিত্তিক কোষের একটি তুলনামূলক সস্তা প্রতিদ্বন্দ্বী। প্যানাসনিক ও এলজি এনার্জি সলিউশনস টেসলার নিকেল অ্যান্ড কোবাল্ট-ভিত্তিক ব্যাটারির প্রধান সরবরাহকারী।