বিশ্ববাজারে সয়াবিনের দাম বাড়তি। গত ১১ মাসে সয়াবিনের দাম বেড়েছে ৪৫ শতাংশ। অর্থাৎ এটি উৎপাদন এখন লাভজনক। তবু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের কৃষকরা মনোযোগ দিচ্ছেন ভুট্টা চাষের দিকে। রোপণের এ মৌসুমে তারা চাষের জন্য বেছে নিচ্ছেন এ হলুদ দানার ফসলটিকেই। খবর রয়টার্স।

অবশ্য ভুট্টা চাষের এ আগ্রহের পেছনে সুদূরপ্রসারী ভাবনা আছে যুক্তরাষ্ট্রের কৃষকদের। তারা বলছেন, এ মুহূর্তে আর্থিক লাভের চেয়ে মাটির স্বাস্থ্য ভালো রাখা জরুরি। বছরের পর বছর ধরে একই জমিতে একই ফসল আবাদ করলে মাটির উর্বরা শক্তি কমে যায়। এমনিতে তারা সাধারণত চক্রাকারে ফসল চাষ করেন। তবে এখন সয়াবিন চাষ লাভজনক হলেও মাটির কথা চিন্তা করলে ভুট্টা চাষ করা ভালো। এছাড়া ভুট্টানির্ভর জৈব জ্বালানির যেমন চাহিদা রয়েছে, তেমনি চীনও প্রচুর পরিমাণে ভুট্টা কেনার কথা জানিয়েছে। তাই এ মৌসুমে ভুট্টা চাষ শেষে পরের মৌসুমের জন্য সয়াবিন রোপণ করবেন তারা। বিশ্লেষকরা মনে করেন, যেহেতু এ দুটি ফসলই অর্থকরী, তাই নিয়মিতভাবে চক্রাকারে এ দুটির চাষ করা উচিত।

রয়টার্সের এক জরিপের পূর্বাভাস বলছে, চাষীরা এ মৌসুমে ৯ দশমিক ৩২ কোটি একর জমিতে ভুট্টা চাষ করবেন। পাশাপাশি ৮ দশমিক ৯৯ কোটি একর জমিতে করবেন সয়াবিনের চাষ।