চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ৯১ শতাংশের বেশি। ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪২ পয়সা বা ৯১ দশমিক ৩০ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৭ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ পয়সা বা ৮ দশমিক ৮১ শতাংশ।