গ্রাহকদের নানা অভিযোগ ও মতামতের ওপর ভিত্তি করে দীর্ঘ ১০ বছর পর নিজেদের এ ‘সিগনেচার’ বার্গারে সংস্কার আনল প্রতিষ্ঠানটি। খবর সিএনএন।
বার্গার কিং গত সপ্তাহে জানায়, নতুন রূপে আসা হুপারে এখন থেকে সাধারণ নরম বানের পরিবর্তে ব্যবহার করা হবে আরো উন্নত ও ‘প্রিমিয়াম’ মানের বান। এছাড়া এতে যুক্ত করা হচ্ছে নতুন স্বাদের আরো ঘন ও ক্রিমি মেয়োনিজ। পরিবেশনার ধরনেও আসছে পরিবর্তন। এখন থেকে কাগজের মোড়কের বদলে হুপার পরিবেশন করা হবে একটি বিশেষ বক্সে।
যুক্তরাষ্ট্রের সাত হাজারেরও বেশি আউটলেটে চলতি সপ্তাহ থেকেই এ নতুন ও উন্নত হুপার পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ এক দশক পর নিজেদের সর্বাধিক বিক্রীত পণ্যে এমন পরিবর্তন আনার মূল উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকের সন্তুষ্টি বজায় রাখা ও খাবারের গুণগত মান আরো উন্নত করা।
দীর্ঘদিন ধরে গ্রাহকদের একটি বড় অভিযোগ ছিল বার্গার কিংয়ের হুপার হাতে নেয়ার সময় চ্যাপ্টা হয়ে যেত কিংবা ভেঙে পড়ত। এ সমস্যার সমাধান আনতেই মূলত প্যাকেজিং উপকরণের এ ভোলবদল।
বার্গার কিং যুক্তরাষ্ট্র ও কানাডা শাখার প্রেসিডেন্ট টম কার্টিস বলেন, ‘হুপার চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা দুমড়েমুচড়ে যাচ্ছে, এমন কথা আমরা অনেকবার শুনেছি এবং নিজেরাও দেখেছি। তাই এর প্যাকেজিং এমনভাবে উন্নত করেছি, যেন বার্গারটি অক্ষত থাকে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধেই আরো প্রিমিয়াম মানের মেয়োনিজ ও উন্নত বানের ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’
দীর্ঘ প্রতীক্ষিত এ পরিবর্তনের বিষয়ে টম কার্টিস জানান, তারা গত সপ্তাহ থেকে সরাসরি গ্রাহকদের ফোনকল নেয়া শুরু করেছেন। তবে হুপারে বড় পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ছিল অত্যন্ত ‘সতর্ক’। যেমন বার্গারের মূল আকর্ষণ বিফ প্যাটি আগের মতোই রাখা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা পুরো রেসিপি বদলে ফেলতে চাইনি। এটি অনেকটা আমাদের আইকনিক বার্গারটিকে সাধারণ পোশাকের বদলে একটি দামি “টাকসেডো” বা অভিজাত পোশাকে সাজানোর মতো।’
বার্গার কিং জানায়, এ সংস্কারের ফলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বছরে বাড়তি ৪ হাজার ডলার খরচ করতে হবে। তবে মূল্যস্ফীতিতে জর্জরিত সাধারণ গ্রাহকদের ওপর যেন দামের বাড়তি চাপ না পড়ে, সেজন্য দাম না বাড়ানোর পরামর্শ দিয়েছে মূল প্রতিষ্ঠান।
খাদ্য শিল্প বিশ্লেষক প্রতিষ্ঠান টেকনমিকের সিনিয়র ডিরেক্টর রবার্ট বার্ন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের জন্য এটি বেশ জটিল একটি পরিস্থিতি। একদিকে শ্রমিকের মজুরি বাড়ছে, তার ওপর আবার প্যাকেজিংয়ে বাড়তি খরচ।’
টেকনমিকের তথ্যানুযায়ী, বিক্রির দিক থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের অষ্টম বৃহত্তম ফাস্ট-ফুড চেইন বার্গার কিং। তবে ২০২৩ সালের দিকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা হারাতে শুরু করে। পুরনো ধাঁচের আউটলেট, ঠাণ্ডা খাবার পরিবেশন এবং সব মিলিয়ে সন্তোষজনক অভিজ্ঞতা না পাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। সেই হারানো জনপ্রিয়তা ফিরে পেতেই এখন হুপারের এ ভোলবদল।










