নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে টেসলা। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। সে সময় তিনি কর্মী ছাঁটাই ও বিশ্বজুড়ে কর্মী নেয়া স্থগিত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। খবর রয়টার্স।
টেসলার এ পদক্ষেপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। কারণ পুঁজিবাজারে সংকোচন, মূল্যস্ফীতি ও মন্দার উদ্বেগ ব্যাপকভাবে বেড়ে চলেছে।
থিংকনাম অল্টারনেটিভ ডাটা অনুসারে, বর্তমানে টেসলার ওয়েবসাইটে কর্মী নিয়োগের সংখ্যা ৫ হাজার ১১ জনে নেমে এসেছে। চলতি মাসের শুরুতেও এ সংখ্যা ৫ হাজার ৮৫৫ জন ছিল। এ সংখ্যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ গত ২১ মের তুলনায় ৩২ শতাংশ কমে গিয়েছে।
এছাড়া টেসলার কর্মী হিসেবে পরিচয় দেয়া প্রায় ২০ জন তাদের ছাঁটাই করা হয়েছে কিংবা গত সপ্তাহে সাক্ষাত্কারে তাদের পদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন। এটি টেসলার কর্মীবাহিনীর আকারের তুলনায় একটি ক্ষুদ্র সংখ্যা। তবে বিষয়টি নিয়ে টেসলার কর্মীরাও উদ্বিগ্ন রয়েছেন যে, কীভাবে কর্মী কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
এর আগে মার্কিন অর্থনীতি নিয়ে খুব বাজে অনুভূতির বিষয়টি উল্লেখ করে টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইচ্ছা পোষণ করেছিলেন ইলোন মাস্ক। ‘পজ অল হায়ারিং ওয়ার্ল্ড ওয়াইড’
শিরোনামের এ বার্তা নির্বাহীদের কাছে পাঠিয়েছিলেন তিনি। পৃথক একটি ই-মেইলে তিনি বলেছিলেন, টেসলা বেতনভুক্ত কর্মীর সংখ্যা ১০ শতাংশ কমিয়ে দেবে। কারণ অনেক জায়গায় অতিরিক্ত কর্মী হয়ে গিয়েছে। যদিও ঘণ্টাভিত্তিক কর্মীসংখ্যা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।










