মে মাসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ গাড়ি রফতানির কথা জানিয়েছে মারুতি সুজুকি। ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির গাড়ি রফতানির এ সংখ্যা আগের বছরের একই মাসের তুলনায় দ্বিগুণ। খবর দ্য প্রিন্ট।

২০২১ সালের মে মাসে ১১ হাজার ২৬২ ইউনিট গাড়ি রফতানি করেছিল মারুতি সুজুকি। সেখানে চলতি বছরের একই সময়ে সংস্থাটি ২৭ হাজার ১৯১ ইউনিট গাড়ি রফতানি করেছে। এ সময়ে সংস্থাটির মোট যানবাহন বিক্রির পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৪১৩ ইউনিটে।

পাশাপাশি গত মাসে অন্যান্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারের (ওইএম) কাছে সংস্থাটির বিক্রি হয়েছে ৬ হাজার ২২২ ইউনিট। এছাড়া এ সময়ে সংস্থাটি ২৭ হাজার ১৯১ ইউনিট গাড়ি রফতানি করেছে। এ সংখ্যা এখন পর্যন্ত এক মাসে সংস্থাটির সর্বোচ্চ রফতানির রেকর্ড।

যদিও বিদ্যুচ্চালিত উপাদানস্বল্পতার কারণে গাড়ির উৎপাদনের ওপর খুবই কম প্রভাব পড়েছে, বিশেষ করে অভ্যন্তরীণ মডেলগুলোর। স্বল্পতার প্রভাব হ্রাস করার জন্য সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নিয়েছে বলে স্টক এক্সচেঞ্জে জমা দেয়া রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি।