চলতি বছর ইতালিতে গম উৎপাদন ১৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভয়াবহ খরার প্রভাবে দেশজুড়ে শস্যটির আবাদ ও ফলন ব্যাহত হয়েছে। উৎপাদনে এমন পরিস্থিতি আমদানিনির্ভরতা বাড়াচ্ছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে এগ্রিকালচারাল লবি কোল্ডিরেটি।

বিশ্লেষকরা জানান, শুধু ইতালি নয়, পশ্চিম ইউরোপজুড়ে গম উৎপাদন নিম্নমুখী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এরই মধ্যে চাপে খাদ্যশস্যের বৈশ্বিক সরবরাহ। তার ওপর ইউরোপে নিম্নমুখী উৎপাদন পরিস্থিতিতে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

কোল্ডিরেটির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ইতালিতে প্রায় ৬৫০ কোটি কেজি গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মোট আবাদি জমির পরিমাণ দাঁড়াবে ১৭ লাখ ১০ হাজার হেক্টরে।

নিম্নমুখী উৎপাদন দেশটির কৃষকদেরও ক্ষতিগ্রস্ত করবে। কারণ পূর্বাভাস সত্য হলে সার ও জ্বালানিসহ ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ের কারণে তাদের ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে। লবিটি জানায়, উৎপাদন কমে গেলে ইতালির গম আমদানিনির্ভরতা বাড়বে।

জানা গিয়েছে, শিকাগো বোর্ড অব ট্রেডে সর্বশেষ কার্যদিবসে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। ইউরোপে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দাম বাড়াতে সহায়তা করেছে। এছাড়া ইউক্রেনিয়ান শস্য রফতানির জন্য রফতানি করিডর খুলে দেয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে, যা সরবরাহে উদ্বেগ ঘনীভূত করছে।