রুশ বাজার থেকে এবার কার্যক্রম গুটিয়ে নিচ্ছে স্টারবাকস। দেশটিতে থাকা ১৩০টি দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কফি জায়ান্টটি। সম্প্রতি কর্মীদের পাঠানো একটি মেমোতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসি।
এ সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ায় স্টারবাকসের ১৫ বছরের উপস্থিতির অবসান ঘটছে। ফলে দেশটিতে স্টারবাকসের কোনো ব্র্যান্ডের আর উপস্থিতি থাকছে না। ২০০৭ সালে রাশিয়ায় কার্যক্রম শুরু করেছিল সংস্থাটি।
স্টারবাকস জানিয়েছে, রাশিয়ায় থাকা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার কর্মীকে ছয় মাস বেতন দেয়া
হবে। পাশাপাশি তাদের নতুন চাকরিতে স্থানান্তর হতেও সহযোগিতা করা হবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটিতে কার্যক্রম স্থগিত করে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে কয়েকটি প্রতিষ্ঠান দেশটি থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসার ঘোষণা দিচ্ছে। এর আগে গত সপ্তাহে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স রুশ কার্যক্রম বিক্রির ঘোষণা দেয়। এ বিক্রির মাধ্যমে নতুন নামে ব্যবসা পরিচালনা করতে হবে ক্রেতাকে।
স্টারবাকস জানিয়েছে, রুশ ও ইউক্রেনীয় কার্যক্রম স্থগিত করার জন্য চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির ১২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হয়েছে। ২০২১ সালে সংস্থাটির মোট আয়ে এ দুটি বাজারের অবদান ছিল ৯ শতাংশ। গত মার্চের শুরুতে স্টারবাকস রুশ দোকানগুলো খোলা রাখার এবং সেই কার্যক্রম থেকে আসা মুনাফা ইউক্রেনে মানবিক ত্রাণ প্রচেষ্টায় ব্যয় করার ঘোষণা দেয়। তবে কোকা-কোলা, পেপসিকো ও ম্যাকডোনাল্ড’সের মতো প্রতিষ্ঠানগুলো কার্যক্রম স্থগিত করায় কয়েকদিন পর স্টারবাকস সিদ্ধান্ত পরিবর্তন করে এবং দোকানগুলো অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়।










