চলতি সপ্তাহে চীনে আবারো নিজেদের গাড়ির দাম কমাল টেসলা। এর মাধ্যমে বিশ্ববাজারের চলমান মূল্যযুদ্ধ আরো সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

বুধবার তার অফিশিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, কোম্পানিটি মডেল এস সেডান ও মডেল এক্স স্পোর্ট ইউটিলিটি গাড়ির (এসইউভি) মূল্য ৭০ হাজার ইউয়ান বা ৯ হাজার ৬০ ডলার কমিয়েছে। গাড়ি দুটোর মূল্য যথাক্রমে ৭ লাখ ৯৪ হাজার ৯০০ ইউয়ান ও ৮ লাখ ৩৬ হাজার ইউয়ানে পৌঁছেছে। 

মাত্র দুদিন আগে, টেসলা মডেল ওয়াই-এসইউভির লং রেঞ্জ ও পারফরম্যান্স সংস্করণগুলোয় ১৪ হাজার ইউয়ান মূল্যহ্রাস করেছে এবং মডেল-থ্রি সেডানের বেস সংস্করণের জন্য বীমা ভর্তুকি প্রসারণ করেছে। এ মূল্যহ্রাস অটোমোবাইল বাজারে মূল্যযুদ্ধকে আরো ত্বরান্বিত করবে। এটি বিএমডব্লিউ ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের মতো প্রিমিয়াম গাড়ি প্রস্তুতকারকদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ডিসকাউন্ট ছাড়াও অন্যান্য অনেক ধরনের সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। 

চীনের কারখানা থেকে টেসলার গাড়ি রফতানি জুলাইয়ে ৩১ শতাংশ কমেছে, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে প্রতিষ্ঠানটি গত মাসে ঘোষণা করে, বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক উৎপাদন কমে যাবে। যদিও সুনির্দিষ্ট কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে মডেল-থ্রি সেডানের একটি সংস্করণ তৈরি শুরু করা হবে।