উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ডটলাইনস বাংলাদেশের উদ্যোগ লাট্টুর সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিডিওএসএনের এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না চাকরি দেব। আজ বুধবার রাজধানীর গুলশানে ডটলাইনস বাংলাদেশের হেড অফিসে এ চুক্তি সই হয়।
লাট্টু মূলত উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে উদ্যোক্তারা নিজস্ব
নামে স্টোর খুলে খুব সহজে অনলাইনে পণ্য বিক্রি করতে পারবেন। এ প্লাটফর্মে কোনো ধরনের
মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় না। এ প্ল্যাটফর্মের কোনো সেলারের শপ থেকে পণ্য অর্ডার
হবার পর সকল ধরনের লজিস্টিকস সাপোর্ট অর্থাৎ প্রোডাক্ট কালেকশন, ডেলিভারি, পেমেন্ট
কালেকশন ও কাস্টমার সাপোর্ট লাট্টু নিজেই পরিচালনা করে থাকে। এছাড়াও যেসব উদ্যোক্তাদের
নিজস্ব পণ্য বা সেবা আছে তারাও মার্চেন্ট হিসেবে লাট্টুতে রেজিস্টার্ড হয়ে সারাদেশে
লাট্টুর ১০ হাজারের বেশি উদ্যোক্তা নেটওয়ার্ক ব্যবহার করে নিজের ব্যবসার প্রসার করতে
পারেন সহজেই।
চাকরি খুঁজব না চাকরি দেব নামে বিডিওএসএনের কার্যক্রমটির সঙ্গে জড়িত প্রায় লাখো উদ্যোক্তা। তারা লাট্টুর প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার পরিসর বাড়াতে পারবেন।
দেশের বেকারত্ব দূর করতে ও নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লাট্টু প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করেন ডটলাইনস গ্রুপ সিই্ও মাহবুবুল মতিন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাট্টুর পক্ষে বিপ্লব ঘোষ রাহুল (সিইও, ইকুরিয়ার), প্রোডাক্ট ডেভেলপমেন্ট লিড সৈয়দ আসাদুজ্জামান ফুয়াদ, পার্টনারশীপ ম্যানেজমেন্ট লিড বিজিত দাস এবং ব্র্যান্ড ও মার্কেটিং লিড আশফাকুল আমিন আসিফ।
অন্যদিকে চাকরি খুঁজব না চাকরি দেব থেকে উপস্থিত ছিলেন গ্রুপের কো-অর্ডিনেটর
প্রমি নাহিদ, এডমিন জাহিদুল ইসলাম ও ইএসডিজি ফর বিডির প্রজেক্ট ম্যানেজার জাহানারা
আমির।










