ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত মাসে সামগ্রিকভাবে নতুন গাড়ির বিক্রি বেড়েছে। একই সময়ে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি কমে গেছে অনেক দেশে। সব মিলিয়ে অঞ্চলটিতে জুনে নতুন গাড়ি বিক্রি ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা ২০১৯ সালের জুলাইয়ের পর কোনো একক মাসের হিসাবে সর্বোচ্চ। গতকাল ইউরোপের দি ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে দেখা যায়, অঞ্চলটির শীর্ষ অর্থনীতির দেশগুলোয় নতুন গাড়ি বিক্রি বেড়েছে। এর মধ্যে রয়েছে ইতালি, জার্মানি ও স্পেন।
বেলজিয়াম ও ইতালিতে গত মাসে ২০২৩ সালের একই সময়ের চেয়ে ইভির নিবন্ধন যথাক্রমে ৫০ দশমিক ৪ ও ১১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এসিইএ। কিন্তু জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্সে ইভি নিবন্ধনের হার ব্যাপকভাবে কমে গেছে। ফলে সামগ্রিকভাবে ইইউতে ইভির নিট নিবন্ধন কমেছে।
কয়েক বছর ধরে ইইউভুক্ত দেশে ইভিপ্রতি ভোক্তাদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এর চাহিদা কমেছে। সামনে ইভির বৈশ্বিক বাজার আরো চ্যালেঞ্জপূর্ণ হবে বলেও আভাস দেয়া হয়েছে নতুন এ বিক্রি পরিসংখ্যানে। তবে ইউরোপের শীর্ষ গাড়ি নির্মাতারা আশা করছেন, এ বছরের মধ্যে গাড়ি বিক্রি বাড়বে।
এসিইএর তথ্যানুযায়ী, জুনে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন গাড়ির বিক্রি যথাক্রমে গত বছরের একই সময়ের তুলনায় ১ ও ১৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে হাইব্রিড-ইলেকট্রিক গাড়ির বিক্রি ২৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাটারিচালিত গাড়ির নিবন্ধন ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
ইইউতে জুনে নতুন যাত্রীবাহী গাড়ির নিবন্ধনের ৫০ শতাংশ জুড়ে ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক, প্লাগ-ইন হাইব্রিড বা পূর্ণ হাইব্রিড ইভি। এক বছর আগে এ পরিমাণ ৪৭ দশমিক ৫ শতাংশ ছিল। একই মাসে ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা ফক্সওয়াগন গাড়ির নিবন্ধন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এছাড়া স্টেলান্টিস ও রেনোঁর গাড়ির নিবন্ধন যথাক্রমে দশমিক ৪ ও ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে।
গত ডিসেম্বরে ওই অঞ্চলের বৃহত্তম ইভি বাজার জার্মানি প্রণোদনা হিসেবে দেয়া ভর্তুকি কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল, যা দেশটির বাজারে বেশ প্রভাব ফেলেছে।
ইভি খাতে নিজস্ব বাজারকে বেগবান করতে সম্প্রতি চীনের বিরুদ্ধে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এ কারণে চীন থেকে আমদানীকৃত ইভির ওপর ৩৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
পাল্টা কৌশল হিসেবে এরই মধ্যে একাধিক কোম্পানি ইউরোপে কারখানা স্থাপনের মাধ্যমে অঞ্চলটিতে সরবরাহ চাঙ্গা রাখার পরিকল্পনা করেছে।










