ইন্দোনেশিয়ায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সন মবিল। দেশটিতে একটি পেট্রোকেমিক্যাল প্রকল্প এবং কার্বন সংগ্রহ ও সংরক্ষণাগার (সিসিএস) তৈরিতে এ বিনিয়োগ করা হবে। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে এ কথা জানান প্রেসিডেন্ট জোকো উইডোডো। খবর নিক্কেই এশিয়া।

নতুন সিসিএস ফ্যাসিলিটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হবে বলেও জানা গেছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগদানের জন্য সান ফ্রান্সিসকো যান জোকো উইডোডো। সেখানে এক্সনের চেয়ারম্যান ড্যারেন উডসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে পলিমার উৎপাদনে পেট্রোকেমিক্যাল প্রকল্পে বিনিয়োগের বিষয়ে এক্সনের সঙ্গে চুক্তি করেছে ইন্দোনেশিয়া।

এক্সনের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পের্তামিনাও ২০০ কোটি ডলার বিনিয়োগের বিষয় পর্যালোচনা করার কথা জানিয়েছে। জাভা সাগরের দুটি ভূগর্ভস্থ অববাহিকা ব্যবহার করে সিসিএস ফ্যাসিলিটিতে এ বিনিয়োগ করা হবে।

সূত্রের তথ্যানুযায়ী, এক্সনের সঙ্গে যে সিসিএস হাব তৈরি করা হবে সেটি ইন্দোনেশিয়াসহ অন্য অঞ্চলের শিল্প-কারখানা থেকে নির্গত ৩ গিগাটন কার্বন-ডাই-অক্সাইড সংরক্ষণ করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করার জন্য ওয়াশিংটন সফরে যান জোকো। এ সময় চুক্তি স্বাক্ষর হয়।