টানা তিন বছর লোকসানের জেরে স্থানীয় পুঁজিবাজারে তালিকাভুক্তি বাতিলের ঝুঁকিতে ভিয়েতনাম এয়ারলাইনস। কভিড-১৯ মহামারী নিয়ে উদ্বেগ কমে যাওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে যাত্রী পরিবহনের হার বেড়েছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটির উন্নয়নে সমস্যা দেখা দেয়ায় এমন ঝুঁকি তৈরি হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

হ্যানয়ভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি জানায়, গত ডিসেম্বরে শেষ হওয়া পঞ্জিকাবর্ষে তাদের নিট লোকসান হয়েছে ১০ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডং বা ৪৩ কোটি ৯৬ লাখ ডলার। এর মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো লোকসান গুনেছে উড়োজাহাজ সংস্থাটি। ২০২১ সালে কোম্পানিটির লোকসান হয়েছিল ১৩ দশমিক ২৮ ট্রিলিয়ন ডং। যদিও ভিয়েতনামে ব্যবসার পরিবেশ উন্নত হয়েছে। 

উড়োজাহাজ সংস্থাটির ৮৬ শতাংশ হিস্যা ভিয়েতনাম সরকারের। ২০১৯ সালে হো চি মিন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল স্থানীয় এ উড়োজাহাজ সংস্থাটি। এতে জাপানভিত্তিক এএনএ হোল্ডিংসের হিস্যা রয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। ভিয়েতনামের আইন অনুসারে, যদি কোনো প্রতিষ্ঠান টানা তিন বছর লোকসানে থাকে অথবা এর ক্রমবর্ধমান ক্ষতি যদি শেয়ার মূলধনকে ছাড়িয়ে যায়, তাহলে অবশ্যই পুঁজিবাজারে সেগুলোর তালিকাভুক্তি বাতিল করতে হবে।