মহামারীতে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থান করায় দুগ্ধজাত খাবার গ্রহণ বেড়েছে। চলতি সপ্তাহে ডেইরি-টেক অনলাইন ডেইরি মার্কেট ওভারভিউতে এ তথ্য উঠে এসেছে। খবর ডেইরি রিপোর্টার।
অনলাইন প্রোগ্রামটিতে দুগ্ধজাত পণ্য বিক্রেতা জায়ান্ট আরলার শীর্ষ কর্মকর্তা জোনাথন ডিক্সন জানান, করোনা লকডাউনে ভোক্তারা ডেইরি পণ্য গ্রহণ বাড়িয়েছে। লকডাউনে বাসায় অধিক সময় অবস্থান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে দুগ্ধজাত পণ্য গ্রহণ বেড়েছে। দুপুরের খাবারে পনির গ্রহণ বৃদ্ধিতে পনির বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭ শতাংশ। দই ও মাখন বিক্রি বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ১ শতাংশ ও ১৬ দশমিক ১ শতাংশ।
মহামারীতে বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছেন ম্যুয়েলারের পরিচালন বিভাগের পরিচালক রক হাচিনসন। তিনি বলেন, সিরিয়াল গ্রহণের পরিমাণ ৮ শতাংশ বৃদ্ধি দুধের বাজারের জন্যও ইতিবাচক।
তিনি আরো বলেন, বাজারের পূর্বাভাস নিয়ে আমরা একটু সতর্ক থাকতে চাই। গত বছরের মার্চের পর দুগ্ধজাত পণ্যের বাজার ঘুরে দাঁড়িয়েছে।










