সিঙ্গাপুরে আন্তর্জাতিক দর্শনার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান রয়েছে। সেপ্টেম্বরে এ নিয়ে টানা অষ্টম মাসের মতো দেশটিতে বিদেশী পর্যটকের সংখ্যা বাড়ল। গত মাসে ৭ লাখ ৫২ হাজার ৩০৫ জন পর্যটক এশিয়ার নগররাষ্ট্রটি ভ্রমণ করেছেন। খবর স্ট্রেইটস টাইমস।
এর আগে আগস্টে সিঙ্গাপুর ভ্রমণ করা আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ৭ লাখ ২৮ হাজার ৭৪৪। যদিও গত মাসে ভ্রমণকারীদের এ সংখ্যা মহামারীর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নিবন্ধিত ১৫ লাখের চেয়ে অনেক কম। দেশভিত্তিক ভ্রমণকারীর হিসাবে টানা ষষ্ঠ মাসের মতো শীর্ষ উৎস ছিল ইন্দোনেশিয়া। দেশটি থেকে গত মাসে ১ লাখ ১৫ হাজার ৪৩৩ জন সিঙ্গাপুর ভ্রমণ করেছে। এ সংখ্যা আগের মাসের ১ লাখ ৮ হাজার ২৫২ থেকে বেশি।
সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে টানা ষষ্ঠ মাসের মতো দ্বিতীয় অবস্থানে আছে ভারত। গত মাসে দেশটি থেকে ৮৩ হাজার ২৬৫ জন নগররাষ্ট্রটি ভ্রমণ করেছেন। এ সংখ্যাও আগস্টের ৭৬ হাজার ২৪৯ জনের থেকে বেশি। ৭৯ হাজার ৬৯২ জন নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মালয়েশিয়া। এর পরে ৭৯ হাজার ১৫০ নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করা চতুর্থ শীর্ষ উৎস দেশ অস্ট্রেলিয়া।










