এ উপলক্ষে সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা। এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং বিডার মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় বিডার অনলাইন ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) প্লাটফর্মের সঙ্গে এসসিসি ব্যাংকের অনলাইন সিস্টেম সংযুক্ত করা হবে। ফলে ওএসএস প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে পারবে ব্যাংকটি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মধ্যে সার্ভার টু সার্ভার সংযোগের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘সরকারের বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় বিডা এরই মধ্যে একটি সমন্বিত অনলাইন পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা একক প্লাটফর্ম থেকে নিতে পারেন। এ উদ্যোগে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগ সেবা প্রক্রিয়াকে আরো গতিশীল ও কার্যকর করবে।’ পাশাপাশি এটি বাস্তবায়নের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রক্রিয়া আরো সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমওইউ অনুযায়ী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা দিতে এনসিসি ব্যাংক ও বিডা অনলাইনে নিজেদের মধ্যে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে। পাশাপাশি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতসহ ডেটা যাচাই, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রমের দক্ষ বাস্তবায়নের জন্য উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান; এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান শাহীন আক্তার নুহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।