ইউক্রেনের খাদ্যশস্য রফতানিতে বিপর্যয় কাটছে না। চলতি মাসের প্রথমার্ধে দেশটির খাদ্যশস্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। রাশিয়া যুদ্ধ অব্যাহত রাখায় দেশটির কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো লম্বা সময় ধরে অবরুদ্ধ। ফলে সিংহভাগ রফতানিই বন্ধ। দেশটি এখন রফতানিতে ট্রেন ও নদীবন্দর ব্যবহার করছে।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি জানায়, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে দেশটির খাদ্যশস্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ১৩ হাজার টনে। মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ৫ লাখ ৫৩ হাজার টন ভুট্টা, ৪২ হাজার টন গম ও ১৫ হাজার টন যব রফতানি করা হয়েছে।
তথ্য বলছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। হামলার আগে প্রতি মাসে ইউক্রেন গড়ে ৬০ লাখ টন গম রফতানি করেছে। কিন্তু হামলার পরই রফতানির পরিমাণ কমতে শুরু করে। বর্তমানে প্রতি মাসে গড় রফতানি ১০ লাখ টনে নেমেছে।
ইউক্রেন বেশির ভাগ পণ্যই সমুদ্রপথে রফতানি করে। কিন্তু রুশ সেনাদের অবরোধের কারণে দেশটি নিজেদের সমুদ্রবন্দরগুলো ব্যবহার করতে পারছে না। ফলে পশ্চিম সীমান্ত দিয়ে ট্রেনযোগে খাদ্যশস্যসহ পণ্য রফতানিতে বাধ্য হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা। এছাড়া দানিয়ুব নদের বন্দর ব্যবহার করেও রফতানি করা হচ্ছে।










