ব্রাজিলে তুলার সমাপনী মজুদে সর্বশেষ মন্দা ভাব বজায় ছিল ২০১৫ সালে। এরপর টানা চার বছর দেশটিতে পণ্যটির সমাপনী মজুদ ছিল ঊর্ধ্বমুখী। তবে চার বছরের চাঙ্গা ভাবের পর চলতি বছর শেষে দেশটিতে তুলার সমাপনী মজুদ ১ দশমিক ২৬ শতাংশ কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে ব্রাজিলে তুলার সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৩৭ লাখ ৬ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড)। এক বছরের ব্যবধানে দেশটিতে তুলার সমাপনী মজুদ কমতে পারে ১ দশমিক ২৬ শতাংশ বা ১ লাখ ৭৫ হাজার বেল। এর মধ্য দিয়ে টানা চার বছর পর ব্রাজিলে তুলার মজুদে মন্দা ভাব নেমে আসতে পারে।

২০১৫ সালে ব্রাজিলে তুলার সমাপনী মজুদের পরিমাণ ছিল ৫৭ লাখ ৯ হাজার বেল, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কম। পরের বছর তা ২১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৯ লাখ ২৯ হাজার বেলে। ২০১৭ সাল শেষে ব্রাজিলে তুলার মজুদ আরো ২৪ শতাংশ বেড়ে ৮৬ লাখ ৫৭ হাজার বেলে উন্নীত হয়।

২০১৮ ও ২০১৯ সালে ব্রাজিলে তুলার সমাপনী মজুদের পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ২২ লাখ ৫৬ হাজার বেল ও ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার বেল।