ইউরোপজুড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মোটর গাড়ি কোম্পানি ফোর্ড। এমন সিদ্ধান্তে শুধু যুক্তরাজ্যেই চাকরি হারাবেন এক হাজার ৩০০ জন। খবর দ্য গার্ডিয়ান।

আগামী তিন বছরে নতুন উদ্ভাবন ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ফোকাস করার পরিকল্পনা নিয়েছে জনপ্রিয় এই গাড়ি ব্র্যান্ড। তার মাঝেই ছাঁটাই কপালে ভাঁজ ফেলার মতোই ঘটনা।

মার্কিন এ গাড়ি নির্মাতা জানিয়েছে, তারা ইউরোপে তিন হাজার ৮০০টি পণ্য উন্নয়ন ও প্রশাসনিক চাকরি বাদ দেয়ার পরিকল্পনা করেছে। এর কারণ হিসেবে ক্রমবর্ধমান খরচ বৃদ্ধি ও প্রচলিত ইঞ্জিন থেকে বৈদ্যুতিক বাহনের দিকে মনোযোগী হওয়ার কথা জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, জার্মানিতে প্রায় দুই হাজার ৩০০, যুক্তরাজ্যে এক হাজার ৩০০ ও ইউরোপের বাকি অংশে ২০০ কর্মী ছাঁটাই হবে।

ফোর্ড জানায়, ২০২৫ সালের মধ্যে দুই হাজার ৮০০ প্রকৌশলীকে বাদ দেয়া হবে। এছাড়া ইউরোপ জুড়ে প্রশাসনিক, বিপণন, বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মীর চাকরি যাবে।

এর মাধ্যমে কোম্পানিটি লাভজনক ভবিষ্যতের দিকে যাবে এবং ইউরোপের প্রতিদ্বন্দ্বী গাড়ি ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।