সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানোর দায়ে মো. মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত মাহবুবকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করবেন।  

বিএসইসি জানিয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর মো.মাহবুবুর রহমান ‘শেয়ার বাজার ২০২১’ নামক ফেসবুক পেজে একটি বিভ্রান্তি সৃষ্টিকারী পোস্ট দেন। বিএসইসি’র সোস্যাল মিডিয়া মনিটরিং সেলের পর্যবেক্ষণে দেখা যায়, তিনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ার বাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন। সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজার কারসাজি করাই এসব গুজবের উদ্দেশ্য। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ ডিসেম্বর মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে শেয়ার বাংলা নগর থানায় কমিশনের পক্ষে কমিশনের উপপরিচালক মুন্সী মো. এনামুল হক একটি এজাহার দায়ের করেন। 

এজাহারে উল্লেখ করা হয়, মো. মাহবুবুর রহমান বর্তমানে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কিত মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অভিযুক্ত ব্যক্তি উল্লিখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুদ্ধ করে বেআইনিভাবে লাভবান হয়ে আসছেন। এরূপ কার্যকলাপের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পুঁজিবাজারকে প্রভাবিত করাসহ ক্ষতিসাধন করছেন। । 

উল্লেখ্য, ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠন করে বিএসইসি। কমিশনের মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (এমএসআইডি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এ ‘সোস্যাল মিডিয়া মনিটরিং সেল’ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুঁজিবাজারে গুজব নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে বিএসইসি। এরইমধ্যে বিএসইসির অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১টি গুজব সৃষ্টিকারী ফেসবুক আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। পর্যায়ক্রমে গুজব সৃষ্টিকারী সামাজিক যোগাযোগমাধ্যমের সব আইডির বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে কমিশন।