বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে আরেক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত মালয়েশিয়ার অটোমেকার প্রোটন হোল্ডিংস। সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনের পাশাপাশি অন্য পুরনো মডেলগুলোর পরিমার্জন নিয়ে কাজ করছে কোম্পানিটি। ব্যবসায়িক এ বাঁকবদলের মুহূর্তে চীনা গাড়ি প্রস্তুতকারক ও প্রধান অংশীদার ঝেজিয়াং গিলি হোল্ডিং গ্রুপের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বলে মন্তব্য প্রোটনের শীর্ষ কর্মকর্তার। খবর নিক্কেই এশিয়া।
সম্প্রতি কুয়ালালামপুরের এক ইভেন্টে পুনরায় নকশাকৃত এক্স৭০ স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) উন্মোচন করেছে প্রোটন। নতুন এ সংস্করণে একাধিক সিস্টেম সমর্থন করবে। এর মধ্যে রয়েছে অ্যাপলের কারপ্লে ও গুগলের অ্যান্ড্রয়েড অটো।
গত সপ্তাহের ওই অনুষ্ঠানে প্রোটনের সিইও লি চুনরং জানান, বাজারে প্রোটনের নতুন প্রতিনিধি হতে যাচ্ছে এক্স৭০। এর মাধ্যমে গিলির সঙ্গে অংশীদারত্বের পরবর্তী পর্যায়ে প্রবেশ করছে কোম্পানিটি।
২০১৮ সালে আত্মপ্রকাশ করে জীবাশ্ম জ্বালানিচালিত প্রোটন এক্স৭০। গিলির সঙ্গে যৌথভাবে এ উচ্চ মূল্যের গাড়িটি তৈরি করেছিল মালয়েশিয়ান কোম্পানিটি।
লি চুনরং জানান, ১৮ মাস ধরে একাধিক মাইলফলক অতিক্রম করেছে দুই কোম্পানির অংশীদারত্ব। প্রোটন গত বছর মালয়েশিয়ায় গিলি ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের যৌথ উদ্যোগে উৎপাদিত একটি ইভি বিক্রি শুরু করেছিল। গত এপ্রিলে গিলির প্রধান কেন্দ্র চীনের ঝেজিয়াং প্রদেশে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলে প্রোটন। এরপর জুনে ইভি ব্র্যান্ড ইপয়েন্টএমএএস উন্মোচন করেছে। কোম্পানির লক্ষ্য আগামী বছর একটি অল-ইলেকট্রিক ভেহিকল তৈরি করা।
মালয়েশিয়ার পেরাক রাজ্যে উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা তৈরির পরিকল্পনা করেছে প্রোটন। সেখানে গাড়ি তৈরি করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
১৯৮৩ সালে মালয়েশিয়ার প্রথম অটোমেকার হিসেবে প্রোটন প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় কোম্পানিতে মূল বিনিয়োগকারী ছিল জাপানি প্রতিষ্ঠান মিৎসুবিশি মোটরস। তবে মূলধনসংক্রান্ত সমস্যার কারণে পরে কোম্পানিটি সরে যায়। ২০১৭ সাল থেকে গিলির সঙ্গে অংশীদারত্বে পরিচালিত হচ্ছে প্রোটন। মিৎসুবিশির তুলনায় এটি বড় অংশীদারত্ব। গিলির সঙ্গে রয়েছে ভলভো ও জিকরের মতো ব্র্যান্ড।
মালয়েশিয়াভিত্তিক গাড়ি নির্মাতাদের মধ্যে বাজারে এগিয়ে রয়েছে পেরোডুয়া। এর পরই প্রোটনের স্থান। এ কোম্পানি ফ্ল্যাগশিপ সাগা সেডান গত মাসে ৭ হাজার ৮৫৫ ইউনিট বিক্রি করেছিল, যা কোনো মাসের হিসাবে ২০১৩ সালের অক্টোবর থেকে সর্বোচ্চ।










