বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে লাগেজ হয়রানি বন্ধে ভারতের বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থাকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে ফ্লাইটের ৩০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী। উড়োজাহাজের ইঞ্জিন বন্ধের ১০ মিনিটের মধ্যে প্রথম যাত্রীর লাগেজ বেল্টে পৌঁছাতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট এয়ার সংস্থাগুলোকে এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
বিবিসির খবরে বলা হয়েছে, যাত্রীদের লাগেজ হস্তান্তরে দেরির ঘটনা ভারতের বিমানবন্দরগুলোয় একটি ধারাবাহিক সমস্যায় পরিণত হয়েছে। এতে যাত্রীরা ক্রমাগত ভোগান্তির শিকার হচ্ছে। যাত্রীভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরই মধ্যে ভারতের ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) এয়ার ইন্ডিয়া, ভিস্তারা ও ইন্ডিগোর মতো সাতটি বৃহৎ আকাশ পরিষেবা প্রতিষ্ঠান লাগেজ হয়রানি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এর আগে দেশটির প্রায় ৩ হাজার ৬০০ ফ্লাইট পর্যবেক্ষণ করে লাগেজ হয়রানি নিয়ন্ত্রণে আনতে নির্দেশ দেয় ভারতের আকাশ পরিবহন মন্ত্রণালয়। তারা দেশটির ছয়টি বড় বিমানবন্দরের যাত্রীদের লাগেজ পরিষেবা পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত জানায়। এ পর্যালোচনা চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়ে এখনো চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
যাত্রীদের লাগেজ হস্তান্তরের বিষয়টি আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনো লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছেন দেশটির আকাশ পরিবহনমন্ত্রী। উড়োজাহাজ অবতরণের ১০ মিনিটের মধ্যে প্রথম লাগেজ ও ৩০ মিনিটের মধ্যে শেষ লাগেজটি বেল্টে পৌঁছাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের যাত্রীরা প্রায়ই বিমানবন্দরে লাগেজ হয়রানির কথা জানিয়েছেন। যাত্রীদের কেউ কেউ জানিয়েছে, কখনো নিজের লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে এ সময় কখনো কখনো দীর্ঘক্ষণ হয় বলেও যাত্রীদের অভিযোগ রয়েছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে গত কয়েক মাসে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর লাগেজ হয়রানি বন্ধের নির্দেশ সাম্প্রতিক সংযোজন।










